Date: February 01, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি বৈধ আগ্নেয়াস্ত্র জমা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি বৈধ আগ্নেয়াস্ত্র জমা

January 31, 2026 06:28:39 PM   উপজেলা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি বৈধ আগ্নেয়াস্ত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি বৈধ আগ্নেয়াস্ত্র জমা নেওয়া হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ছিল অস্ত্র জমা দেওয়ার শেষ দিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত গত ১১ দিনে এসব অস্ত্র থানা হেফাজতে জমা নেওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানায় অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, নির্বাচন উপলক্ষে ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈধ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রজ্ঞাপন জারি করে। সেই অনুযায়ী শনিবার বিকেল পর্যন্ত ৬৮টি অস্ত্র ও ৪২০ রাউন্ড কার্তুজ জমা পড়েছে। জমা হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৫৩টি একনলা বন্দুক, ৫টি দোনলা বন্দুক, ৪টি পিস্তল, ৪টি শটগান, ১টি রিভলভার ও ১টি রাইফেল।

পুলিশ সূত্র জানায়, গোবিন্দগঞ্জ উপজেলায় মোট ১০০টি বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এর মধ্যে ৬৮টি অস্ত্র থানায় জমা হয়েছে এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ২০টি অস্ত্র। সব মিলিয়ে ৮৮টি অস্ত্রের হিসাব পাওয়া গেলেও শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১২টি অস্ত্র জমা হয়নি। তবে লাইসেন্সধারীদের দেশের যেকোনো থানায় অস্ত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, শনিবার রাত ১২টা পর্যন্ত অস্ত্র জমা দেওয়ার সময়সীমা ছিল। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই অবশিষ্ট অস্ত্রগুলো জমা হয়ে যাবে।