


শ্রীপুর প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলায় একটি হাফেজিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার নোহাটা দারুসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মাদ্রাসাটিতে বর্তমানে ৩৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
নোহাটা হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম ও নোহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা তাফসিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ চলাকালে হঠাৎ মাদ্রাসা ভবনে আগুন লাগে। নামাজ শেষে তারা আগুনের বিষয়টি টের পান। আগুনে মাদ্রাসার টিনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া তার একটি নতুন মোটরসাইকেল, মাদ্রাসার ৮টি ফ্যান, ৩টি ঘড়ি, খাট, আলমারি, চেয়ার, থালা-বাসন, জামা-কাপড়, শিক্ষার্থীদের আসবাবপত্রসহ প্রায় এক লাখ টাকার কুরআন ও হাদিসের বই পুড়ে গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার শামছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।