Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / জনগণ আতঙ্কিত নয়, সব কিছু একদম স্বাভাবিক: ডিএমপি কমিশনার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জনগণ আতঙ্কিত নয়, সব কিছু একদম স্বাভাবিক: ডিএমপি কমিশনার

November 20, 2025 02:42:42 PM   অনলাইন ডেস্ক
জনগণ আতঙ্কিত নয়, সব কিছু একদম স্বাভাবিক: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি জানান, রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণ মোটেও আতঙ্কিত নয়।

তিনি বলেন, “লুক, এভরিথিং ইজ ভেরি নরমাল। আপনি আতঙ্কিত বলবেন না। সব কিছু স্বাভাবিক আছে।” রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণে সাধারণ মানুষ আহত হওয়া প্রসঙ্গে তিনি দাবি করেন, কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

দুর্বৃত্তদের উদ্দেশে ডিএমপি কমিশনার সতর্কবার্তা দিয়ে বলেন, এসব বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা কারও জন্যই সুফল বয়ে আনবে না। তিনি স্মরণ করিয়ে দেন, অরাজক পরিস্থিতিতে সাধারণ মানুষকেই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে হয়, যেমনটি ৫ আগস্টের ঘটনার পর ৮০ বছরের বৃদ্ধ পর্যন্ত বাঁশের লাঠি নিয়ে মহল্লায় পাহারা দিচ্ছিলেন। তাই তিনি এসব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান, কারণ এর পরিণতি সবার জন্যই ক্ষতিকর।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ঢাকাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব, এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে আইন প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর প্রসঙ্গ টেনে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান জানান। অরাজকতা প্রতিরোধে কাজ করতে গিয়ে যেসব পুলিশ সদস্য অসম্মানজনক আচরণের শিকার হন, তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, “আমরা কোনো সংঘাতে জড়ানোর জন্য রাস্তায় নামি না। আমরা আপনাদের সেবা দিতে চাই।”

সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন উপলক্ষে কমিশনার জানান, অনলাইনে সরাসরি সাইবার অপরাধের অভিযোগ গ্রহণের জন্য এখানে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাব, ডিজিটাল ফরেনসিক টিম, দক্ষ তদন্তকারী এবং ২৪ ঘণ্টার সাপোর্ট টিম কাজ করবে। বিশেষ করে নারী, কিশোর-কিশোরী এবং যারা সামাজিক মাধ্যমে হয়রানির শিকার হন, তাদের নিরাপত্তা ও দ্রুত সেবা নিশ্চিত করাই এই সেন্টারের প্রধান উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন, এই সেন্টার পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াবে এবং অপরাধ তদন্ত আরও সহজ ও প্রমাণভিত্তিক হবে।