Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / জামায়াতসহ ৮ দলের সমাবেশের ৩০ মিনিটের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে গেল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

জামায়াতসহ ৮ দলের সমাবেশের ৩০ মিনিটের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে গেল

November 11, 2025 06:02:21 PM   অনলাইন ডেস্ক
জামায়াতসহ ৮ দলের সমাবেশের ৩০ মিনিটের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে গেল

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন এলাকায় জামায়াতসহ ৮ দলের যুগপৎ সমাবেশের কারণে দুপুরে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও, সমাবেশ শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যে স্বাভাবিক হয়ে যায়।

গণভোটসহ পাঁচটি দাবিতে আয়োজিত এই সমাবেশ কেন্দ্র করে দুপুর ১২টার পর থেকে পল্টন এলাকায় যান চলাচল প্রায় বন্ধ ছিল। পল্টন মোড়ে অস্থায়ী মঞ্চ বসানোর পর সমাবেশ শুরু হওয়ায় সড়কের এক পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অন্য পাশে সীমিতভাবে গাড়ি চলাচল করলেও নেতাকর্মীদের ঢলে তাও প্রায় থমকে যায়। এতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিছুটা যানজট তৈরি হয়েছিল।

যদিও সমাবেশের আনুষ্ঠানিক সময় দুপুর ২টা নির্ধারণ করা হয়েছিল, তবে সকাল থেকেই নেতাকর্মীরা পুরানা পল্টন মোড়ে জরো হতে থাকে। দুপুর ১২টার মধ্যেই পল্টন, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় এবং দৈনিক বাংলা, প্রেসক্লাব, গুলিস্তান এলাকায় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অফিস সময়ের মধ্যে সমাবেশ শুরু এবং শেষ হওয়ায় সাধারণ মানুষ অনেকটা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।

দুপুর ২টায় কুরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং বিকেল ৪টার পর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ৩০ মিনিটের মধ্যে পল্টনসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। সাময়িক ভোগান্তির জন্য ৮ দলের নেতারা দুঃখ প্রকাশ করেছেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জামায়তে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা।