


দেশের রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা -সিলেট রেলপথে ডাবল লাইন চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন তারেক রহমান । শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধু সড়ক বড় করলেই যানজট সমস্যার সমাধান হয় না; বরং এতে যানবাহন আরও বাড়ে এবং ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। তাই টেকসই সমাধানের জন্য রেল খাতের উন্নয়ন জরুরি। এ লক্ষ্যে ঢাকা-সিলেট রেলপথ ডাবল লাইনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সিলেট নগরীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সুরমা নদী -র তীরে যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তা বাস্তবায়িত হলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
তিনি আরও জানান, সিলেটে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ২০০ শয্যার একটি হাসপাতাল দ্রুত চালু করা হবে এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল -এর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বন্ধ কলকারখানা চালু নিয়েও কথা বলেন তিনি। প্রয়োজন হলে সেগুলো বেসরকারি খাতে ছেড়ে দিয়ে চালু করা হবে, যাতে কর্মসংস্থান বাড়ে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায়।
এর আগে সকালে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।