


প্রায় দুই দশক পর সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো তারেক রহমান সিলেট সফরে গেছেন। এক দিনের এই সফরে মাজার জিয়ারত থেকে শুরু করে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ক্রীড়া আয়োজন উদ্বোধনসহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।
শনিবার (২ মে) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে বিমানে রওনা হয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর -এ অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে বিমানবন্দর এলাকা ও আশপাশে আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দিনব্যাপী এই সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। সফরের শুরুতেই তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন।
এরপর সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পের লক্ষ্য শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান করা। একই স্থানে একটি সুধী সমাবেশেও যোগ দেওয়ার কথা রয়েছে তার।
দুপুরে সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় জলাবদ্ধতা ও নদীর নাব্যতা সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে।
বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করবেন তিনি। এই আয়োজনের মাধ্যমে দেশের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দিনের শেষ ভাগে শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।