


পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোর লেন সেতুর ওপর ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সেতুর লালুয়া অংশে ট্রাভেলার ফার্ম বা লোহার সাটার ভেঙে রাবনাবাদ নদীতে পড়ে রাসেল হাওলাদার (৩২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রঞ্জু ও রাকিবুল নামের দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ১০ থেকে ১৫ জন শ্রমিক সেতুর ওপরে বসে রড বাঁধাইয়ের কাজ করছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে হঠাৎ চেইন ছিড়ে সাটারটি নদীতে পড়ে যায়, ফলে শ্রমিকদের ওপর পড়ে এটি হতাহতের কারণ হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন, যেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেল হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
মৃত রাসেল হাওলাদার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।
উল্লেখ্য, পায়রা বন্দরের সিক্সলেন সড়কের সঙ্গে সংযুক্ত ১১৮০ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশন কর্পোরেশন (সিসিইসিসি) নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০২৪ সালের ১২ মার্চ থেকে। শ্রমিকরা জানিয়েছেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থায় অনেক ঘাটতি ছিল।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।