Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / সোমবার বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সোমবার বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী!

April 19, 2026 11:30:51 AM   দেশেরপত্র ডেস্ক
সোমবার বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী!

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় গিয়ে বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, তার প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেনের পাঠানো সফরসূচি অনুযায়ী, ওইদিন বেলা ১১টায় তিনি সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন।

বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছিল। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সরকারের সময় পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয় এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে ২১-এ উন্নীত করা হয়। তখন থেকেই এটিকে সিটি করপোরেশনে রূপান্তরের পরিকল্পনা ছিল।

পরবর্তীতে বিভিন্ন সময়ে দাবি উঠলেও তা বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিষয়টি নতুন করে গতি পায়। তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব দেন। পরে গণবিজ্ঞপ্তি, স্থানীয়দের মতামত গ্রহণ এবং আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রস্তাব পাঠানো হয়।

এদিকে প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সচিব কমিটির সভায় বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী নিজেই বগুড়ায় এসে সিটি করপোরেশন সংক্রান্ত ঘোষণা দেবেন।