


ঢাকার তিনটি আসনের মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
লে. কর্নেল ফুয়াদ মাসরুর আরও বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ শ্রেণিতে ভাগ করা হয়েছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি সাংবাদিকদেরও অনুরোধ করেন, যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার খবর প্রচারের আগে তা প্রাথমিকভাবে যাচাই করতে, যাতে ভুল বা উসকানিমূলক সংবাদ প্রচার না হয়। এছাড়াও সেনাবাহিনী নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করবে। কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করারও নির্দেশ দেন তিনি।
ঢাকা-১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি এবং জামায়াতে ইসলামী মনোনীত মীর আহমাদ বিন কাসেম আরমান। উভয় প্রার্থীই ভোটারদের মধ্যে জনপ্রিয়।
ঢাকা-১৬ আসনের প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মো. আমিনুল হক, জামায়াতে ইসলামী মনোনীত মো. আব্দুল বাতেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মাদ তৌহিদুজ্জামান, মুক্তিজোটের আব্দুল কাদের জিলানী, গণঅধিকার পরিষদের মো. মামুন হোসেন, বাংলাদেশ লেবার পার্টির এ কে এম মোয়াজ্জেম হোসেন, এনপিপির মো. তারিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির মো. নাজমুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের রাশিদুল ইসলাম এবং জাতীয় পার্টির সুলতান আহম্মেদ সেলিম।