


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন দেশের সব ভোটকেন্দ্রকে সম্পূর্ণ ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন, যাতে ভোটার, নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্বাস্থ্যকর পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন।
সম্প্রতি ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে দেশের প্রতিটি ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের বলা হয়েছে, কমিশনের এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। ভোটকেন্দ্রের ভেতরে ও আশপাশে ধূমপান বন্ধে সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া, দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া এবং প্রয়োজনে সতর্কতামূলক ঘোষণা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও স্বাস্থ্যকর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভোটকেন্দ্রে অপ্রয়োজনীয় ভিড়, বিশৃঙ্খলা ও স্বাস্থ্যঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।