


রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হচ্ছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আর এই আয়োজনের লালগালিচায় অংশ নিয়ে নজর কেড়েছেন বাংলাদেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ঝলমলে সোনালি গাউন ও ম্যাচিং জ্যাকেটে হাজির হন তিনি। লালগালিচায় হাঁটার মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভাবনা লিখেছেন, “যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”
জানা গেছে, ডিজাইনার তন্বী কবির ঐতিহ্যবাহী মিরপুর কাতান মোটিফে গাউনটি তৈরি করেছেন। এর সঙ্গে ছিল দৃষ্টিনন্দন জ্যাকেট ও মানানসই গয়না, যা তার উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তোলে।
আজ (১৮ এপ্রিল) উৎসবে প্রদর্শিত হবে নির্মাতা আসিফ ইসলাম পরিচালিত চলচ্চিত্র King in the Land of the Princess। আর্টকোর বিভাগে নির্বাচিত এই ছবিতে যাত্রাপালার ‘প্রিন্সেস’ চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। ছবিটির প্রচারণায় নির্মাতা ও প্রযোজক জান্নাতুল বাকের খান-এর সঙ্গে অংশ নিচ্ছেন তিনি।
এর আগে গত ১৫ এপ্রিল মস্কো পৌঁছে লাল রঙের কাতান ওভারকোটে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেন ভাবনা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, কিংবদন্তি কনস্তান্তিন স্তানিস্লাভস্কি-র শহরে এসে তার ভীষণ ভালো লাগছে।
উল্লেখ্য, পরিচালক আসিফ ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাণ ৪৬তম মস্কো উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল। এবার ‘King in the Land of the Princess’ নিয়ে আবারও এই আন্তর্জাতিক আসরে হাজির হয়েছেন তিনি। ছবিতে বাংলাদেশের লোকজ সংস্কৃতি যাত্রাপালার অন্তিম সময়ের গল্প তুলে ধরা হয়েছে।
এছাড়া এবারের আসরে বাংলাদেশের আরও একটি চলচ্চিত্র জায়গা করে নিয়েছে। অতল নামের ছবিটি নির্মাণ করেছেন যুবরাজ শামীম। এটি ‘অ্যাপোক্যালিপ্স নাউ’ বিভাগে নির্বাচিত হয়েছে এবং নেটপ্যাক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।