Date: May 16, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রবাস / শিগগিরই প্রবাসী কার্ড চালু হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিগগিরই প্রবাসী কার্ড চালু হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

May 16, 2026 06:11:35 PM   দেশেরপত্র ডেস্ক
শিগগিরই প্রবাসী কার্ড চালু হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার খুব শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (১৬ মে) দুপুরে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “রেমিট্যান্স যোদ্ধাদের মর্যাদা ও সরকারি সহায়তা আরও সহজ করতেই এই কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যারা বিদেশে থেকে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, তাদের জন্য বিশেষ সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।”

তিনি আরও বলেন, প্রবাসীদের বিনিয়োগ সহজ ও নিরাপদ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। সিলেট থেকেই অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন প্রকল্প শুরু হতে পারে, যেখানে শুধু প্রবাসীরাই বরাদ্দ পাবেন।

আরিফুল হক চৌধুরী বলেন, “দেশে জমি কমে যাচ্ছে। তাই ভবিষ্যতে প্লটের পরিবর্তে আধুনিক অ্যাপার্টমেন্টভিত্তিক প্রকল্প নেওয়া হচ্ছে। সেখানে প্রবাসীদের জন্য নিরাপত্তা, বাজার, নাগরিক সুবিধা ও সরকারি সুরক্ষা নিশ্চিত করা হবে।”

প্রবাসীদের হয়রানি কমাতে সরকার একটি বিশেষ সেল গঠন করেছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, “লাইসেন্স ও অনুমোদনের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরে প্রবাসীরা অনেক সময় ভোগান্তির শিকার হন। এখন সরকার তাদের পক্ষ হয়ে কাজ করবে, যাতে বিনিয়োগ শতভাগ নিরাপদ থাকে।”

তিনি আরও জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল ইউনিট, ডাক্তার, নার্স ও অ্যাম্বুলেন্স সুবিধাও চালু করা হচ্ছে।

বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও সরকার চালু করেছে বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।