


জন্ম থেকেই দুই চোখে আলো নেই, তবুও থেমে থাকেনি শরীফ আলীর পথচলা। অদম্য ইচ্ছাশক্তি আর পরিবারের সহযোগিতায় সব বাধা পেরিয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে।
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকার বাসিন্দা শরীফ আলী ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়-এর শিক্ষার্থী। তার বাবা রমজান আলী একজন ইজিবাইকচালক। সীমিত আয়ের পরিবার হলেও ছেলেকে শিক্ষিত করার স্বপ্ন ছাড়েননি তারা।
পরিবারের সদস্যদের মুখে মুখে শুনে পড়াশোনা শুরু করা শরীফ পরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে মাধ্যমিকে ভর্তি হয়। ধারাবাহিক পরিশ্রমে এবার সে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় সে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেয়। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় সরকারি নিয়ম অনুযায়ী শ্রুতলেখকের সহায়তায় পরীক্ষা দিচ্ছে সে।
তার শ্রুতলেখক হিসেবে দায়িত্ব পালন করছেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী শায়লা আক্তার। শুরুতে শ্রুতলেখক না পাওয়ায় অনিশ্চয়তায় থাকলেও বিষয়টি জানাজানি হলে শায়লা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এবং পরবর্তীতে বোর্ডের অনুমোদন নিয়ে দায়িত্ব নেন।
শায়লা বলেন, “আমার লেখার মাধ্যমে যদি শরীফ ভাই ভালো ফল করতে পারেন, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
অন্যদিকে শরীফের লক্ষ্য—পড়াশোনা শেষ করে চাকরি করে বাবা-মায়ের মুখে হাসি ফোটানো।
কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী হিসেবে তাকে অতিরিক্ত সময়সহ প্রয়োজনীয় সব সুবিধা দেওয়া হচ্ছে।