Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / তেলের দামের সঙ্গে মিলিয়ে নির্ধারণ হবে বাসভাড়া: ডা. জাহেদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তেলের দামের সঙ্গে মিলিয়ে নির্ধারণ হবে বাসভাড়া: ডা. জাহেদ

April 21, 2026 03:39:09 PM   দেশেরপত্র ডেস্ক
তেলের দামের সঙ্গে মিলিয়ে নির্ধারণ হবে বাসভাড়া: ডা. জাহেদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় পরিবহন ভাড়া নতুনভাবে নির্ধারণের কথা জানিয়েছে সরকার। তেলের দামের সঙ্গে সমন্বয় করেই বাসভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে এসি বাসের ভাড়া বাড়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। ডা. জাহেদ বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহন খাতে ভাড়া নির্ধারণ করা হবে, যাতে করে বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যায়।

তিনি জানান, এসি বাসের ভাড়া দুই থেকে তিন ধাপে বাড়তে পারে। তবে এই বৃদ্ধি কীভাবে কার্যকর হবে, তা নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

এছাড়া জ্বালানি ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ আনতে ‘ফুয়েল পাস’ ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাসের জন্য নিবন্ধন সম্পন্ন হয়েছে, যা এই খাতে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়াতে সহায়ক হবে।

ডা. জাহেদ উর রহমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রসঙ্গ টেনে বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং অভ্যন্তরীণ জ্বালানি পাচারের কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি জনগণকে এই সময়ে কিছুটা বাড়তি ব্যয় মেনে নেওয়ার আহ্বান জানান এবং আশ্বাস দেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে।

এছাড়া তিনি জানান, আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ভারত, ভুটান ও মিয়ানমারসহ প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান তিনি।

জ্বালানি তেলের দাম ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে পরিবহন খাতে নতুন ভাড়া কাঠামো আসতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন সরকারের এই উপদেষ্টা।