Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / কলাপাড়ায় ভাড়া বাসা থেকে নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কলাপাড়ায় ভাড়া বাসা থেকে নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

May 02, 2026 03:14:13 PM   অনলাইন ডেস্ক
কলাপাড়ায় ভাড়া বাসা থেকে নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসার তিন তলার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহিত মেহেরুন্নেছা উর্মি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি বরগুনার আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার মেয়ে। তার স্বামী মহিব্বুর রহমান বাপ্পী বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং পুলিশের একজন বহিষ্কৃত সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় আট মাস আগে উর্মি তার স্বামী বাপ্পী এবং দেড় বছর ও চার বছর বয়সী দুই সন্তানকে নিয়ে ওই এলাকার একটি ভবনের তিন তলায় ভাড়া থাকতে শুরু করেন। প্রতিবেশীদের দাবি, বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

উর্মির স্বামী বাপ্পী পুলিশকে জানান, রাত দেড়টার দিকে তার স্ত্রী ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ শনিবার ভোরে ঘটনাস্থলে গিয়ে নিথর দেহটি উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। উর্মির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।