


নাটোরের গুরুদাসপুরে উপ-প্রশাসনিক কর্মকর্তার বাসভবনে গভীর রাতে সংঘটিত ভয়াবহ ডাকাতির ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার (২ মে) রাত ৩টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ৫-৭ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। পরে অস্ত্রের মুখে তাকে ও তার স্ত্রীকে বেঁধে ফেলে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে লুটপাট চালায়।
ভুক্তভোগীর পরিবারের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, রুপার নূপুর, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। প্রাণভয়ে তারা চিৎকার করতে পারেননি। ডাকাত দল চলে যাওয়ার পর নিরাপত্তারক্ষী এসে তাদের উদ্ধার করেন।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক ও অপরাধ প্রবণতা বাড়ায় চুরি-ডাকাতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। থানার নিকটবর্তী এলাকায় এমন ঘটনা ঘটায় জনমনে আতঙ্ক আরও বেড়েছে।
গুরুদাসপুর থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।