Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে অজ্ঞাত যুবকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে অজ্ঞাত যুবকের মৃত্যু

May 02, 2026 02:50:51 PM   অনলাইন ডেস্ক
শরীয়তপুরে চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে অজ্ঞাত যুবকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ১ মে দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিঙ্গাইরা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পিবিআই সদস্যরা মরদেহের আঙুলের ছাপ নিয়ে পরিচয় নিশ্চিত করার চেষ্টা করলেও কোনো তথ্য মেলেনি। ধারণা করা হচ্ছে, তার জাতীয় পরিচয়পত্র বা ভোটার নিবন্ধন নেই। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পালং মডেল থানা ও স্থানীয় বাসিন্দারা জানান, আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমান আলী মোল্লা একজন ব্যাটারিচালিত ভ্যানচালক। শুক্রবার ভোরে এক ব্যক্তি তার ভ্যানটি চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢোকে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে ওই ব্যক্তিকে আটক করে। এরপর উত্তেজিত জনতা তাকে শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়।

আংগারিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ মোল্লা বলেন, ভ্যান গাড়ি চুরির সময় হাতেনাতে ধরা পড়লে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং মারধর করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার জানান, দুপুর ১২টার দিকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসা শুরুর এক ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। পরিচয় পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।