Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ঘরে বসেই চার উপায়ে জানতে পারবেন ভোটকেন্দ্র ও ভোটার নম্বর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘরে বসেই চার উপায়ে জানতে পারবেন ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

February 07, 2026 08:05:44 PM   দেশেরপত্র ডেস্ক
ঘরে বসেই চার উপায়ে জানতে পারবেন ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি ‘Smart Election Management BD’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ঘরে বসে নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সংবাদমাধ্যমকে জানান, এই অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপ ব্যবহার করে ভোটাররা কেন্দ্রের জিও-লোকেশন, ছবি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ম্যাপসহ বিস্তারিত তথ্য জানতে পারবেন।


ভোটাররা ভোটকেন্দ্র এবং ভোটার নম্বর জানতে চারটি সহজ পদ্ধতি ব্যবহার করতে পারেন। প্রথমত, অ্যাপের মাধ্যমে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের ঠিকানা দেখা যাবে।


দ্বিতীয়ত, দেশের যেকোনো স্থান থেকে হটলাইন ১০৫-এ কল করে তথ্য পাওয়া সম্ভব। কলের পর ‘৯’ চাপলেই অপারেটরের সঙ্গে কথা বলে ভোটার নম্বর এবং কেন্দ্র সম্পর্কিত তথ্য জানা যায়। হটলাইন সেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।


তৃতীয়ত, এসএমএস পদ্ধতি ব্যবহার করে মোবাইল থেকে ‘PC NID’ লিখে ১০৫ নম্বরে পাঠালে ফেরত বার্তায় ভোটার নম্বর এবং কেন্দ্রের তথ্য জানিয়ে দেয়া হবে।


চতুর্থত, নির্বাচন কমিশনের ওয়েবসাইট ecs.gov.bd ব্যবহার করেও ভোটাররা ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন। ওয়েবসাইটে ‘ভোটকেন্দ্র’ মেনু থেকে নির্বাচনি এলাকা এবং উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে। এছাড়া, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সরাসরি তথ্য অনুসন্ধান করা সম্ভব। ওয়েবসাইটে ভোটকেন্দ্রের অবস্থান গুগল ম্যাপে দেখা যায়, যা কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং যাওয়ার পথ সহজেই নির্দেশ করে।


এছাড়া, অ্যাপটির মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত নানা তথ্য এবং নির্বাচনের ফলাফল সম্পর্কেও জানা যাবে।