


দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর আবারও গড়ল নতুন ইতিহাস। নিউমুরিং কনটেইনার টার্মিনালে একদিনে সর্বোচ্চসংখ্যক কনটেইনার হ্যান্ডলিং করে বন্দরের অপারেশনাল সক্ষমতার নতুন মাইলফলক স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্ধারিত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-এ মোট ৫ হাজার ৭০৯ টিইইউস (২০ ফুট সমমানের কনটেইনার ইউনিট) হ্যান্ডলিং সম্পন্ন হয়। যা এই টার্মিনালের ইতিহাসে একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সাফল্য অর্জিত হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাইডক লিমিটেডের যৌথ ব্যবস্থাপনায়। এর আগে, গত ১১ এপ্রিল একই টার্মিনালে ৫ হাজার ৪৮৪ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে পূর্ববর্তী রেকর্ড গড়া হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছানো বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
শুধু এনসিটি টার্মিনাল নয়, একই সময়ে বন্দরের সব টার্মিনাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি দেশের সামুদ্রিক বাণিজ্য ব্যবস্থাপনায় একটি বড় অগ্রগতি এবং বন্দরের সার্বিক সক্ষমতা বৃদ্ধির প্রতিফলন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এই অর্জন দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে। তিনি মনে করেন, এনসিটির এই রেকর্ড পারফরম্যান্স দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও জানান, প্রতিকূল আবহাওয়া ও তীব্র গরমের মধ্যেও শ্রমিকদের নিরলস পরিশ্রম, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতেও এমন সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।