


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাসযাত্রীদের জন্য নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন এই ভাড়া কার্যকর হওয়ায় দেশের বিভিন্ন রুটে যাতায়াতে যাত্রীদের গুনতে হবে বাড়তি টাকা।
সম্প্রতি ডিজেলের দাম বাড়ানোর পর ২৩ এপ্রিল সরকার বাসভাড়া সমন্বয়ের প্রজ্ঞাপন জারি করে। তবে তখন বিস্তারিত তালিকা প্রকাশ না হওয়ায় দূরপাল্লার রুটে ভাড়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। অবশেষে শনিবার (২৫ এপ্রিল) বিআরটিএ তাদের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা প্রকাশ করে, যেখানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ঢাকা (সায়েদাবাদ) থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা, আর ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। একইভাবে ঢাকা-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সায়েদাবাদ থেকে সিলেট, বরিশাল ও খুলনা রুটেও ভাড়া বেড়েছে উল্লেখযোগ্য হারে। সবচেয়ে দীর্ঘ রুট সায়েদাবাদ-টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা।
গাবতলী টার্মিনাল থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রুটগুলোতেও নতুন ভাড়া কার্যকর হয়েছে। ঢাকা (গাবতলী) থেকে পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, রাজশাহীসহ বিভিন্ন রুটে ভাড়া বৃদ্ধি পেয়েছে। একইভাবে মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ রুটেও নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা। ডিটিসিএ এলাকায় মিনিবাস ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা। তবে ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা আগের মতোই বহাল রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা করা হয়। একই সঙ্গে কেরোসিন, অকটেন ও পেট্রোলের দামও বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় পরিবহন খাতে এই ভাড়া সমন্বয় করা হয়েছে।
নতুন ভাড়ার তালিকা প্রকাশের ফলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরলেও বাড়তি ভাড়া নিয়ে অনেকের মধ্যেই রয়েছে অসন্তোষ। তবে কর্তৃপক্ষ বলছে, জ্বালানি খরচ বৃদ্ধির বাস্তবতায় এই সমন্বয় ছিল অপরিহার্য।