Date: April 27, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / দিল্লিতে উড্ডয়নের সময় সুইস বিমানের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণে রক্ষা পেল ২০০+ যাত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে...

দিল্লিতে উড্ডয়নের সময় সুইস বিমানের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণে রক্ষা পেল ২০০+ যাত্রী

April 26, 2026 07:03:15 PM   আন্তর্জাতিক ডেস্ক
দিল্লিতে উড্ডয়নের সময় সুইস বিমানের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণে রক্ষা পেল ২০০+ যাত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে উড্ডয়নের সময় একটি সুইস যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফ্লাইট বাতিল করা হয় এবং জরুরি স্লাইড ব্যবহার করে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে ঘটনায় অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) ভোররাতে দিল্লি বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইন্সের ফ্লাইট LX147 জুরিখের উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।

বিমান কর্তৃপক্ষ জানায়, এয়ারবাস A330 মডেলের বিমানটি স্থানীয় সময় রাত ১টা ৮ মিনিটে রানওয়েতে গতি নেওয়ার সময় হঠাৎ একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বন্ধ করে দেন, ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।

বিমানে মোট ২২৮ জন যাত্রী এবং ৪ জন শিশু ছিলেন। জরুরি পরিস্থিতিতে রানওয়ের ওপরেই ইমার্জেন্সি স্লাইড ব্যবহার করে সবাইকে দ্রুত নিরাপদে নামানো হয়। পরে যাদের স্লাইড ব্যবহার করতে সমস্যা হয়েছিল, তাদের জন্য সিঁড়ির ব্যবস্থা করা হয়।

ঘটনায় আহত ছয়জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিমানের ক্রু সদস্যরা সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিমান সংস্থা এক বিবৃতিতে জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে এবং একটি প্রযুক্তিগত বিশেষজ্ঞ দল দিল্লিতে পাঠানো হচ্ছে।

এদিকে যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইট ও হোটেল ব্যবস্থার কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমান সংস্থাটি আরও জানায়, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে পূর্ণাঙ্গ প্রযুক্তিগত পর্যালোচনা করা হবে।

সূত্র: এনডিটিভি