


কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা তার বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা ও চক্রান্ত চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, উন্নয়নমূলক কাজ ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
সোমবার (৪ মে) রাতে দেওয়া ওই ফেসবুক পোস্টে আমির হামজা জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড—যেমন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদকের বিস্তার—নিয়ন্ত্রণে এসেছে। এতে ক্ষতিগ্রস্ত কিছু গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তার অভিযোগ।

তিনি বলেন, জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং বিভিন্ন মহল পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তবে এসব চক্রান্ত তাকে থামাতে পারবে না বলেও দৃঢ় অবস্থান জানান তিনি।
ফেসবুক পোস্টে আমির হামজা আরও উল্লেখ করেন, কুষ্টিয়ার জনগণের দেওয়া দায়িত্ব তিনি সর্বোচ্চ সততার সঙ্গে পালন করছেন এবং জনগণের আমানত রক্ষায় যেকোনো ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত। কোনো চাপ বা বাধার মুখে তিনি পিছু হটবেন না বলেও জানান।
তিনি কুষ্টিয়াবাসীর প্রতি আস্থা প্রকাশ করে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও জনগণ তার পাশে থাকবে। একই সঙ্গে তিনি এলাকায় অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।