Date: April 22, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ইরান সংকট নিয়ে আলোচনায় ইসলামাবাদে মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স - দৈনিক দেশে...

ইরান সংকট নিয়ে আলোচনায় ইসলামাবাদে মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

April 20, 2026 01:23:25 PM   আন্তর্জাতিক ডেস্ক
ইরান সংকট নিয়ে আলোচনায় ইসলামাবাদে মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ইরান যুদ্ধ বন্ধ এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্য নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে এই দলটি সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় ইরানের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবে এবং সেখানে দ্বিতীয় দফা আলোচনা শুরু করবে। এর মাধ্যমে ইরান সংকট নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা আবারও শুরু হচ্ছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে নিশ্চিত করেছেন, এই প্রতিনিধি দলে রয়েছেন ট্রাম্পের দুই ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। তারা আগের দফার আলোচনাতেও অংশ নিয়েছিলেন।

তবে আলোচনার টেবিলে ইরান থাকবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ প্রত্যাহার না করে, তবে তেহরান আলোচনায় অংশ নেবে না।

এদিকে সোমবার মার্কিন নৌবাহিনীর হাতে ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিশ্লেষকদের মতে, এ ঘটনার পর ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় ইরানের অংশগ্রহণ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে এই আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করা হলেও দুই পক্ষের অবস্থান এখনও দূরত্বপূর্ণ।