Date: April 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / ১৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা

April 18, 2026 10:40:41 AM   দেশেরপত্র ডেস্ক
১৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও অস্থির আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘণ্টায় অন্তত ১৮ জেলায় কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এই ঝুঁকি বেশি, সঙ্গে তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।


শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকা বিভাগের কিছু স্থানেও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ; ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ; এবং আশপাশের ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর ও জামালপুর জেলায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এই বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং কোথাও কোথাও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিও হতে পারে।

উত্তরের জেলাগুলোর মধ্যে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা ও জয়পুরহাটেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জসহ ঢাকা বিভাগের মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং কুমিল্লা জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, সব এলাকায় একসঙ্গে বৃষ্টি নাও হতে পারে, তবে কিছু জেলায় আকস্মিকভাবে কালবৈশাখী ও শিলাবৃষ্টি দেখা দিতে পারে। সেই সঙ্গে তীব্র বজ্রপাতের ঝুঁকি থাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।